বায়েজিদ বোস্তামী থানার আনন্দবাজার সম্রাট হোটেলের সামনে থেকে ছিনতাইকারী দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ১টি ছিনতাই করা সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হাটহাজারী থানার চারিয়া এলাকার মির্জাপুর খয়রাতির বাড়ির মৃত অলি আহাম্মদের ছেলে শাহাব উদ্দীন (২৪) ও একই এলাকার দেওয়ান পাড়ার বড় বাড়ির মো. আব্দুস শুক্কুরের ছেলে মো. আলাউদ্দিন (২৯)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের দুই সদস্যকে আটক ও একটি ছিনতাই করা সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
জানা যায়,আসামিরা নির্দিষ্ট কোনো সিএনজি অটোরিকশাকে টার্গেট করে, হঠাৎ অসুস্থ হওয়ার ভান ধরে একজন পড়ে যায়। অন্য একজন টার্গেট করা সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালের নিয়ে যেতে হবে বলে দ্রুত সিএনজি অটোরিকশায় তোলেন। সিএনজি অটোরিকশাক হাসপাতালে যাওয়ার সময় নির্জন জায়গায় সিএনজি অটোরিকশা চালককে মারধর করে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে দিয়ে (সিএনজি অটোরিকশা নিয়ে)দ্রুত পালিয়ে যায়।