নির্বাচনের মাঠে এক লাখ সেনা, নৌ-বাহিনী ও বিমানবাহিনীর সদস্য থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
নির্বাচনের প্রস্তুতি বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ৩০ হাজারের মতো সেনাবাহিনী আছে, তবে নির্বাচনের সময় এক লাখের মতো সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনী থাকবে। আর আমাদের তো পুলিশ আছেই, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, সর্বোপরি প্রশাসন তো রয়ে গেছে।’
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি খুব ভালো, তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। তাদের সংখ্যা আমরা অনেক বাড়িয়ে দিয়েছি।
লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম ভৌগোলিকভাবে পাহাড় সমুদ্র ও সমতল, যা অন্য এলাকায় নেই। সেজন্য এখানে অভিযান পরিচালনা করা ডিফিকাল্ট। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। ইতোমধ্যে নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে।
পাশের দেশের গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছে। আপনারা এটার কাউন্টার করেছেন। আপনারা কাউন্টার করায় তারা সুবিধা করতে পারেনি। সামনে পূজা উপলক্ষ্যে তারা আবার গুজব করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করবো, আগে যেভাবে ভূমিকা পালন করেছেন, সেভাবে করবেন। এতে করে জনগণ সত্য সংবাদটি পাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম