সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় তাসিফ নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ড কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার
এদিকে বাজালিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. আব্দুর শুক্কুর (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্তের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আনারস প্রতীকের প্রার্থী মো. শহিদুল্লাহ চৌধুরীর সমর্থকদের সংঘর্ষ ও গুলি বিনিময় হয়। একপর্যায়ে শুক্কুর গুলিবিদ্ধ হলে তাকে স্থানীয় কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কেরানীহাট মা ও শিশু হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রাকিব উদ্দিন বাংলানিউজকে বলেন, সকাল ১১টার দিকে শুক্কুর নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।শুক্কুর গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন বলেও জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হয় বলে শুনেছি। তবে ঘটনাটি কেন্দ্রের মধ্যে ঘটেনি বলেও জানান তিনি।