চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সৌদিয়া পরিবহন ও পূরবী পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
১২ সেপ্টেম্বর দুপুরে লোহাগাড়া উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। এরমধ্যে চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মুহাম্মদ তৌফিক সেকান্দর। ঘটনাস্থল হতে আহতদের নাম জানা যায়। তারা হলেন, পূরবী বাস চালক হাসান (৪৪), যাত্রী- নাঈম (৩০), আবদুর রহিম (৪৫), সিয়াম (২৩), হোসেন (৪০), টিটু ২৯, কুলচুমা (৪২) (রোহিঙ্গা), আব্বাস (৪২)।
দুর্ঘটনা কবলিত বাস দুটি দোহাজারী হাইওয় থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ হোসেন। তিনি আরও জানান, “এ পর্যন্ত আহতদের মধ্যে আটজনকে সনাক্ত করা হয়েছে। বাকীদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, “দুপুর আড়াইটার দিকে কক্সবাজার অভিমুখী সৌদিয়া পরিবহন এবং চট্টগ্রাম অভিমুখী পূরবী বাস দুটির মধ্যে মারাত্মক মুখোমুখি সংঘর্ষ ঘটিত হয়। বৃষ্টিজনিত কারণে রাস্তা পিচ্ছিল হওয়ায় নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এ সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার সাথে সাথে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।”
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম