দক্ষিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে মারামারিতে বৃদ্ধা নিহতের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২৩ মে) ভোরে উপজেলার কাঞ্চননগর ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চননগর মাইজ পাড়া সইজ্জার বাপের বাড়ি এলাকার মৃত ইসমাইলের ছেলে আলী আছকর (৬৭) ও তার মেয়ে আমেনা আক্তার (৩২)।
চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. ইখতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধা বিলকিছ খাতুনের ছেলে মীর কাশেমের (৩৫) মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে চন্দনাইশে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া ও মারামারিতে বিলকিছ খাতুন (৭০) নামে এক বৃদ্ধা মাথায় আঘাতপ্রাপ্ত হন। ওই দিন তিনি প্রাথমিক চিকিৎসা নিলেও পরবর্তীতে অবস্থার অবনতি হয়। এ অবস্থায় গত সোমবার (২২ মে) রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান
বৃদ্ধা বিলকিছ খাতুন উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজপাড়া সইজ্জার বাপের বাড়ি এলাকার মৃত সাহেব মিয়ার স্ত্রী।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম