বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চবির চারুকলা বন্ধ ঘোষণা, ক্যাম্পাস ছাড়ার নির্দেশ


DhakaReport24.com || 2023-02-02 20:55:15
চবির চারুকলা বন্ধ ঘোষণা, ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সংস্কারের কথা বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আজ বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ও ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে প্রশাসনের এমন সিদ্ধান্ত সত্ত্বেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আগামী এক মাস বন্ধ থাকবে চারুকলা। এ সময় প্রয়োজনে অনলাইনে ক্লাস নেবেন শিক্ষকরা। আজ রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের চারুকলা ক্যাম্পাস ত্যাগের নির্দেশনাও দিয়েছে সিন্ডিকেট।’

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইসিটি সেলের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, ‘এই এক মাস শিক্ষার্থীদের পাঠদান অনলাইনে চলবে। পাশাপাশি এই সময়ের মধ্যে চারুকলার সংস্কার কাজ সম্পন্ন হবে। সংস্কার কাজ তদারকি করার জন্য শিগগিরই একটা কমিটি গঠন করা হবে।

তবে মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের আন্দোলন ধূলিসাৎ করার জন্যই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে চারুকলার চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, সিন্ডিকেট সভায় আমাদের মূল ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। সুতরাং, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এ ছাড়া আগামী সপ্তাহ থেকে আমাদের আমরণ অনশন শুরু হবে।’

মূল ক্যাম্পাসে ফেরাসহ কয়েকটি দাবিতে ৮২ দিনের আন্দোলনের পর ২৩ জানুয়ারি শ্রেণিকক্ষে ফিরে যান শিক্ষার্থীরা। তখন চার দফা দাবি জানিয়ে সাত দিনের আল্টিমেটাম দেন তারা। দাবি আদায় না হওয়ায় গত মঙ্গলবার থেকে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এর মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় পুলিশের সহায়তায় চারুকলায় অভিযান চালায় প্রক্টরিয়াল বডি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারীতে অবস্থিত। ২০১০ সালে চবি চারুকলা বিভাগ ও চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজকে একীভূত করার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১১ সালের ২ ফেব্রুয়ারি নগরীর বাদশাহ মিয়া চৌধুরী সড়কে বর্তমান চারুকলা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম