চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় কবরস্থানে লাশ দাফনে দুষ্কৃতিকারীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) উপজেলা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কালোয়ার পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এক বৃদ্ধার লাশ কবর দেওয়ার জন্য কবর খুঁড়ছিলেন এলাকার জনসাধারণ এবং তার পরিবারের সদস্যরা। সেসময় এলাকার কিছু দুষ্কৃতিকারী, ভূমিদস্যুরা বৃদ্ধার মৃতদেহ দাফনে বাধা এবং হুমকি প্রদান করে। তাদের এমন আচরণে মৃত ব্যক্তির পরিবারের লোকজন লাশ পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করতে বাধ্য হয়।
পরে মৃত ব্যক্তির ছোট ভাই শামসুল আলম ৪ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলো, আবুল কাশেম পিতা-মৃত সোলতান আহমদ, আবদুল গফুর পিতা-মৃত গুনু মিয়া, নুরুল ইসলাম পিতা-মৃত মোঃ বসু, করিম সওদাগর পিতা-মৃত কালাম বকসু।
ভুক্তভোগী পরিবারের সদস্য শামসুল আলম বলেন, কয়েক পুরুষ ধরে আমরা অত্র করবস্থান ব্যবহার এবং তত্ত্বাবধান করে আসছি এবং এখানেই আমাদের পরিবারের সদস্যদের দাফন সম্পন্ন করা হয়ে থাকে। কিন্তু এই এলাকারই সংঘবদ্ধ কিছু দুষ্ট প্রকৃতির লোক জোরপূর্বক আমাদের লোকজনের মৃতদেহ দাফনে বাধা দিয়ে আসছে।
উপজেলার আধুনগর ভূমি অফিসের তহশীলদার সঞ্জীব চৌধুরী বলেন, অভিযোগ পেয়ে সেই জায়গা পরিদর্শন করেছি। দেখা গেছে, আর.এস শীটে উক্ত জায়গাটি মসজিদের ওয়াকফকৃত এবং পার্শ্ববর্তী পুরোনো কবরস্থানটি সরকারি খাস জায়গায় স্থিত। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম