চট্টগ্রামের ফটিকছড়িতে ধরুং খালে গোসল করতে নেমে নিখোঁজ ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্রের মরদেহ প্রায় ৫ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) বিকেল ৫ টার দিকে নিখোঁজ ওই স্থান থেকে টানা দুইঘন্টার অভিযানে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের বিশেষ ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
এ সব তথ্য নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, আমরা দুপুর একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযান শুরু করি। আমাদের ডুবুরি ব্যবস্থা না থাকায় আগ্রাবাদ থেকে ডুবুরি দল আসতে বলি। তারা দিনটার দিকে এসে ৪ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। শহর থেকে আসা এ বিশেষ ডুবুরি দল বিকেল পাঁচটার দিকে নিখোঁজ স্থান থেকে ওই ছেলেটিকে মৃত অবস্থা উদ্ধার করতে সক্ষম হয়।
এর আগে শুক্রবার দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার বিবিরহাট ধরুং ব্রিজের পূর্ব পাশে খালে নিখোঁজ হয় মো. কাউসার (১৪)। তিনি ফটিকছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড হাজি সিরাজুল হক মিস্ত্রী বাড়ির মো. খালেদের ছেলে এবং উপজেলাস্থ (সিনিয়র) ফটিকছড়ি জামিউল উলুম ফাযিল ডিগ্রী মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
কাউসারের চাচা রাশেদুল ইসলাম বলেন, দুপুর ১২ টার দিকে সে গোসল করতে যায়। এরপর খবর পাই খালে গোসল করতে নেমে আর ওঠেনি।
মৃত কাউসারের বন্ধু ও এক সাথে গোসল করতে নামা আব্দুল্লাহ বলেন, আমি গোসল করতে আসরে দেখি সে পানিনে ভাসমান বাঁশের উপর বসা। পরে আমি যখন পানিতে নেমেছি তখন দেখি কাউসার হঠাৎ করে লাফ দিয়ে ডুবে যাচ্ছিল এবং হাত উপরে তুলে নাড়াচ্ছে। আমি ধরতে চেষ্টা করে পারিনি। পরে একটু দূরে গিয়ে পুরোটা ডুবে যায়।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম