চট্টগ্রামের মিরসরাইয়ে ১৮শ ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খৈইয়াছরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মসজিদিয়া ছরারকুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং এলাকার মো. হোসেনের পুত্র মো. আব্দুল্লাহ (২২) ও একই থানার মো. সোয়াবের পুত্র মো. সাদেক (২২) কে ১৪শত পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া, একইদিন সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকার ফকির বাড়ীর রাস্তা থেকে আটক করা হয়।আটককৃত আব্দুল হামিদ (৩০) নোয়াখালী থানার অভিরামপুর এলাকার মো. আবুল কাশেমের পুত্র। তাকে ৪ শত ৫০পিস ইয়াবাসহ আটক করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার বিকেলে এবং সন্ধ্যায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮'শ ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছি। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা টেকনাফ সীমান্ত থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে শহরের বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম