চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ দুই ব্যবসায়ীর।
বুধবার (৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরত বাংলাবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো মো. রহিম উল্লাহর মুদি দোকান ও আব্দুল মান্নানের কুলিং কর্নার।
স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন ও শাহজালাল জানান, বুধবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে রহিম উল্লাহ ও আব্দুল মান্নানের দোকান পুড়ে যায়। আগুনে নগদ টাকা, পন্য সামগ্রী, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। চুলার আগুন থেকে এর সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএ