চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহাদাত হোসেন (২৪) নামের মিরসরাইয়ের এক যুবক নিহত হয়েছে।
রোববার (৫ জুন) দুপুরে চট্টগ্রাম মেডি্যোল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত শাহাদাত উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের ননাই মিয়া মীর বাড়ির মৃত মো. শাহ আলমের ছেলে।
ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীনুর জানান, শাহাদাত পেশায় কাভার্ডভ্যান চালাতো। বাবাহীন সংসারে আয়ের একমাত্র সম্বল শাহাদাত হোসেন। দুই বোনের বিয়ে হয়ে গেছে। মা ও ছোট ভাইকে নিয়ে শাহাদাতের সংসার। বাবা মারা যাওয়ার পর এক বছর আগে সংসারের হাল ধরে শাহাদাত। পরিবারের বড় ছেলেকে হারিয়ে দিশেহারা মা জাহানারা বেগম।
নিহত শাহাদাতের মরদেহ এখনও চমেকে রয়েছে। বাড়িতে নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শাহাদাত জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকার মৃত শাহ আলমের সন্তান। আমি তার শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং নিহতের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার করার চেষ্টা করবো।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম