মিরসরাইয়ে র্যাবের ছিনতাই হয়ে যাওয়া দ্বিতীয় অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। জামালপুর এলাকার হাসা বাবুলের বাড়ির সামনে থেকে জোরারগঞ্জ থানা পুলিশ অস্ত্রটি উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন। তিনে জানান, রবিবার ভোর সাড়ে চারটার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সাউথ-আফ্রিকা (দক্ষিণ-আফ্রিকা) থেকে ফোন দিয়ে বলেন জামালপুর এলাকার হাসা বাবুলের বাড়ির সামনে অস্ত্রটি রাখা আছে। এরপর তার দেয়া তথ্য মতে পুলিশ গিয়ে অস্ত্রটি উদ্ধার করে।
নুর হোসেন মামুন আরও জানান, অস্ত্র উদ্ধারের সময় সেখানে অস্ত্রের সাথে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিলো, ঘটনার দিন কেউ একজন র্যাব এর হাতে বাড়ি দিলে অস্ত্রটি মাটিতে পড়ে যায়। এরপর তিনি (চিরকুট রেখে যাওয়া ব্যক্তি) অস্ত্রটি উদ্ধার করেন। তবে তিনি ভয়ে অস্ত্রটি পুলিশের কাছে হস্তান্তর করতে সাহস পাননি এবং এজন্য তিনি (চিরকুট রেখে যাওয়া ব্যক্তি) ক্ষমাপ্রার্থী বলেও চিরকুটে উল্লেথ করা হয় ।
গতকাল শনিবার বারইয়ারহাট পৌর বাজারে ব্যবসায়ীদের সাথে শান্তি সমাবেশ করেন পৌর মেয়র রেজাউল করিম খোকন ও আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশে জোরারগঞ্জ থানার ওসি র্যাবের ছিনতাই হয়ে যাওয়া দ্বিতীয় অস্ত্রটি জমা দেয়ার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। আল্টিমেটাম দেয়ার ১৬ ঘন্টার মধ্যেই পুলিশ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত বুধবার (২৫ মে) সন্ধ্যায় মাদক উদ্ধারে মিরসরাইয়ে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা ডাকাত আখ্যা দিয়ে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যদের ওপর হামলা করে। এতে র্যাবের দুই সদস্যসহ ৩ জন আহত হন। এসময় র্যাবের ২টি অস্ত্র ছিনতাই হয়ে যায়।
ঢাকারিপোর্ট২৪.কম/এলএইচ/আরএএম