চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় র্যাবের অভিযান চলাকালে ‘ডাকাত’ সন্দেহে তিন সদস্যকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়া হয়েছে। অপর একজন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (২৫ মে) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরবাজারে এ ঘটনা ঘটেছে। মিরসরাই সার্কেল অফিসার লাবিব আবদুল্লাহ।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে—র্যাব সদস্যেরা সাদাপোশাকে মাদক উদ্ধারে অভিযানে যান। এ সময় মাদক কারবারিরা ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন হামলায় অংশ নেন। এতে র্যাবের দুই সদস্যসহ তিন জন আহত হন।
র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ বলেন, ‘আমাদের একটা অভিযান ছিল। অভিযানের প্রথম গাড়িতে যারা ছিল, তাদের ওপর ডাকাত বলে হামলা চালানো হয়েছে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের আমরা ফেনী পাঠিয়েছি। সেখান থেকে দুজনকে ঢাকা নেয়া হয়েছে।’
মিরসরাই সার্কেল এসপি লাবীব আব্দুল্লাহ বলেন, ‘সন্ধ্যায় র্যাবের তিন সদস্যকে স্থানীয়রা মেরে আহত করেছেন। আমরা শুনার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’
আহত র্যাব সদস্যরা হলেন- শামিম কাউসার (২৯), আনসার ব্যাটালিয়নের মোখলেস (৩৩) এবং সোর্স পারভেজকে (২৮)।
র্যাব-৭-এর সদর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তাহিয়াত চৌধুরী বলেন, ঘটনা শুনে চট্টগ্রাম থেকে র্যাবের একটি টিম মিরসরাই পাঠানো হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে একটি গাড়ি আটকালে তাদের ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করা হয়। এ সময় অন্য একটি গাড়িতে র্যাবের পোশাক পরিহিত কয়েকজন এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আরেকজনকে জোরারগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানান, বেশ কয়েক মাস ধরে বারৈয়ারহাট থেকে ফেনী নদী সীমান্ত পর্যন্ত অপহরণ, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। এসব অভিযোগ থানায় দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ তাঁদের।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম