চট্টগ্রাম নগরের ইপিজেড থানার ইপিজেড গেট এলাকায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মাকসুদ (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ মে বড় মিয়ার বাড়ি মিজানের কলোনিতে একটি বাসায় ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মো. মাকসুদ।
এ ঘটনায় পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা করা হলেও না হওয়াতে গত বুধবার (১১ মে) রাতে শিশুটির পরিবার থানায় অভিযোগ দেন। গতকাল বৃহস্পতিবার (১২ মে) থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত মো. মাকসুদকে গ্রেফতার করে ইপিজেড থানা পুলিশ।
অভিযুক্ত মাকসুদ ভোলার লালমোহন থানার দক্ষিণ বেদুরিয়া গ্রামের রবিউল হকের ছেলে। তিনি নগরের ইপিজেড থানার লেবার কলোনির নিরিবিলি হাউস রফিক বিল্ডিংয়ে বসবাস করতেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় মাকসুদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম