বাংলাদেশ আওয়ামী যুবলীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদ প্রত্যাশীদের ৫ই এপ্রিলের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছিল।
আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২ই এপ্রিল থেকে ৫ই এপ্রিল কেন্দ্রীয় দপ্তরে সিভি জমা দিতে নির্দেশ দিলে চট্টগ্রাম মহানগর যুবলীগের ১০৮ জন এই দুই পদের জন্য জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বলে কেন্দ্রীয় যুবলীগের সূত্রে জানা গিয়েছে।
দীর্ঘদিন পর কমিটি দেওয়ার সিদ্ধান্তে নেতাকর্মীদের মধ্যে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
তিনি বলেন, আমরা ঈদের পরপরই সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ যুবলীগের কমিটি ঘোষণা করব। উক্ত কমিটিতে কারা বেশি প্রাধান্য পাবে বলে জানতে চাইলে তিনি বলেন, যারা দলের দুঃসময়ে ছাত্ররাজনীতি করেছেন, দলকে ক্ষমতায় আনতে কাজ করছেন এবং নেতাকর্মীদের মাঝে যাদের ইমেজ ভালো আছে তাদের আমরা নির্বাচন করবো।
কেন্দ্রীয় যুবলীগের একসাথে মহানগর, উত্তর ও দক্ষিণে কমিটি দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিয়েছেন নেতাকর্মীরা। তারা জানান, দীর্ঘদিন গুরুত্বপূর্ণ এই তিন ইউনিটে যুবলীগের কমিটি না থাকায় যুবলীগের কোনো সক্রিয় কর্মকাণ্ড ছিল না। এখন সেটির লাঘব হবে বলে আশা করছেন যুবলীগের নেতাকর্মীরা।
জানা যায়, মহানগর যুবলীগে সভাপতি পদের জন্য ৪০ জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ৬৮ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তাদের মধ্যে সভাপতি পদে আলোচনায় আছেন-নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, এম ই এস কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি ওয়াসিম উদ্দীন চৌধুরী, সাবেক জি এস আরশেদুল আলম বাচ্চু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, দিদারুল আলম প্রমুখ। এছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন-নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাজ্জাত হোসেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম আজাদ প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম