আওয়ামী লীগের সব ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন, জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সংসদের হুইপ বলেন, ‘আজকের বিশ্ব বাস্তবতা খুবই কঠিন। দ্বিতীয় বিশ্বযুদ্বের পরে মানবজাতির উপর করোনা মহামারির মতো এত বড় সংকট কখনো নেমে আসেনি। করোনা সংকটের পর নতুন করে শুরু হলো রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। এ কারণে গোটা বিশ্বের অর্থনীতি টালমাটাল। আমাদের দেশেও তার ধাক্কা লেগেছে। কিন্তু আমাদের সৌভাগ্য। আমাদের একজন শেখ হাসিনা আছেন।’
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ফেরেশতাও না আবার শয়তানও না। যারা আওয়ামী লীগ করেন, তারা মানুষ, তারা বাঙালি। মানুষের দোষ এবং গুণ দুটিই আছে। আমরা দীর্ঘদিন শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করছি। জনপ্রতিনিধিরাও দীর্ঘদিন ক্ষমতায়, দেশ অনেকদূর এগিয়েছে। একই সঙ্গে উন্নয়ন হয়েছে আবার মানব কল্যাণ হয়েছে। পদ্মা সেতুসহ বিশাল বিশাল অবকাঠামো হয়েছে। ক্ষুধামুক্ত,দারিদ্র্য মুক্ত হচ্ছে দেশ। এরপরও বলতে চাই। সরকারের ভুল হতে পারে। আমাদের জনপ্রতিনিধি এবং নেতারা ভুল করতে পারেন। আমাদের সমস্ত ভুলের জন্য আমি দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
এ সময়ে উপজেলা আ.লীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম, নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্লাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার রুহুল আমিন ও ফুয়াদ হোসেনসহ আরো অনেকে।
পরে দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা আ.লীগের নেতৃবৃন্দরা আলহাজ্ব মমিনুল ইসলাম বাকেরকে সভাপতি ও আ.ফ.ম বাবুল বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এছাড়াও সহ-সভাপতি ভিপি নুরুল হক চৌধুরী,ভিপি বাহার,আব্দুল আউয়াল,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সুজনকে নির্বাচিত করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম