নোয়াখালীর সোনাইমুড়ী পৌর বাজার, ছোট্ট এই বাজারের যানযট যেনো সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। কখনো অটোরিকশা, সিএনজি কখনো অবৈধ ফুটপাত দখল করে রাখে বাজারের প্রধান সড়কসহ চলাচলের রাস্তা। ফলে উপজেলার বিভিন্ন স্থান থেকে এ বাজারে আসা ক্রেতা কিংবা সাধারণ জনগণ ভোগান্তির কবলে পড়ে প্রত্যহ।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে সোনাইমুড়ী বাজার বণিক সমিতি ও পৌরসভার যৌথ উদ্যোগে বাজারের বেইলী ব্রীজ থেকে হাইস্কুল পর্যন্ত কয়েক শতাধিক অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়। এর আগে উপজেলা, থানা, পৌরসভা ও বাজার বণিক সমিতির দফায় দফায় মিটিং করে বাজারের ব্যবসায়ী ও হকারদের সাথে। পরবর্তীতে মঙ্গলবার(৬ই সেপ্টেম্বর) বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
সোনাইমুড়ী বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার জানান,দীর্ঘদিনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ও বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বণিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এ অভিযানের ফলে জণগণের আশার প্রতিফলন ঘটেছে। এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম