সোমবার দিবাগত রাত ৩ টার দিকে নোয়াখালীর সেনবাগ থানার কেশারপাড় ইউনিয়ন থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নোয়াখালীর সেনবাগ থানার প্রধান সড়কের পাশ থেকে এ অস্ত্র উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ।মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।
পুলিশ জানায়, উপজেলার কেশারপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকের বাড়ির পাশের ঝোপ থেকে বস্তাভর্তি চারটি চাপাতি, দুটি কিরিচ, দুটি স্টিলের পাইপ, চারটি লোহার রড ও চারটি লাঠি উদ্ধার করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন,আগামীকাল বুধবার সেনবাগের কেশারপাড়সহ তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে প্রভাব বিস্তার করার জন্য কেউ অস্ত্রগুলো আনতে পারে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম