চাঁদপুরে ঘন কুয়াশায় লঞ্চ, ফেরিসহ অন্যান্য নৌযান চলাচলে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আজ শনিবার দুপুরে শহর ঘুরে জেঁকে বসা শীতের তীব্রতা দেখা যায়।
চাঁদপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, তীব্র শীতে ভাসমান জনগোষ্ঠীসহ নিম্নআয়ের মানুষেরা চরম বিপাকে পড়েছেন। তাই অনেকটা অলস সময় পার করছেন সবাই। একই চিত্র চাঁদপুর লঞ্চ টার্মিনাল ও হরিণা ফেরিঘাটে। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে, প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে কম্বল বিতরণ শুরু হয়েছে।
চাঁদপুরের প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মো. শামছুল হক বলেন, ‘আজ চাঁদপুরে এ মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে। তবে আগামী দুই থেকে তিন দিন পর আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে ঘন কুয়াশায় নৌযান চালকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম