চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদ ধসে মা ও নবজাতক আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান মা তাসকিয়া ও নবজাতক। আহত মা তাসকিয়া চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ গ্রামের রায়েস সরদারের স্ত্রী।
শিশু ওয়ার্ড সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি হন তাসকিয়া। নবজাতক জন্ম নেওয়ার পর তাদের শিশু ওয়ার্ডের কেএমসি কর্নারে রাখা হয়। ঘটনার দিন সন্ধ্যায় ওয়ার্ডের এক পাশের ছাদ ধসে পড়ে। এতে মা ও নবজাতক আহত হন। এর মধ্যে মা তাসকিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হন। তবে সেখানে অন্য রোগী না থাকায় আর কেউ আহত হয়নি। মা ও নবজাতক শঙ্কামুক্ত রয়েছে বলে জানান এ হাসপাতালের নার্সরা।
এদিকে, হাসপাতাল ভবনের ছাদ ধসে পড়ায় আতঙ্কে দিন কাটছে রোগীদের। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন রোগীর স্বজনরা।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান জানান, আহতদের দ্রুত চিকিৎসা সেবা প্রদান করা হয়। ভয়ের কিছু নেই। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম