গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা খেলার মাঠে ৩ হাজার শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড। প্রথম বারের মতো এমন আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থী, অবিভাবক ও এলাকাবাসী।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় শুরু হওয়া ১ ঘন্টা ব্যাপী পরীক্ষাটি শেষ হয় বিকেল সাড়ে ৪ টার দিকে৷ পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকেরা মাঠের বাহিরে অবস্থান নেন৷ পরীক্ষার দায়িত্বে থাকেন বিভিন্ন স্কুল কলেজের অর্ধশতাধিক শিক্ষক।
অলিম্পিয়াড অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্যরা জানান, গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলার ৯৬ টি স্কুলের বাছাই করা প্রায় ৩ হাজার শিক্ষার্থীরা এ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেন৷ অলিম্পিয়াডে অংশগ্রহণে সুযোগ পায় ৮ম, ৯ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়৷
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যাপক এস.এম. খালিদ হোসেন হোসেনের সভাপতিত্বে অলিম্পিয়াড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি সা'দত কলেজের
অধ্যাপক শাহজাহান আলী, কালিয়াকৈর সরকারি কলেজে উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, বিজ্ঞান অলিম্পিয়াডের আহবায়ক সারোয়ার হোসেন আকুল প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম