গাজীপুরের কড্ডা এলাকায় ব্রিজের উপর ট্রাকচাপায় মোস্তফা মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা নরসিংদীর রায়পুরা থানার আদিয়াবাদ এলাকার সাদেক আলীর ছেলে। তিনি গাজীপুরের টেকনোপ্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি করতেন।
বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত কুমার জানান, মোটরসাইকেলে করে মোস্তফা গাজীপুরের দিকে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে তিনি কড্ডার ব্রিজে পৌঁছায়। একপর্যায়ে ব্রিজের পাশে জমে থাকা বালিতে স্লিপ করে তিনি মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যায়। এসময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।