শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

চাঁদাবাজ সাংবাদিকদের দৌরাত্মে 

শ্রীপুরে বন্ধ হয়ে যেতে পারে চলমান ভূমি জরিপ কার্যক্রম


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-11-28 13:43:30
শ্রীপুরে বন্ধ হয়ে যেতে পারে চলমান ভূমি জরিপ কার্যক্রম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কতিপয় সাংবাদিকের অনৈতিক প্রস্তাব এবং অর্থ আদায়ের আবদার নিয়ে ৩০ জনের তালিকা প্রদান করে স্থানীয় সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাদের নিকট প্রতি মাসে বিপুল অংকের উৎকোচ দাবি ও  চাপ প্রয়োগের ঘটনায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে চলমান ভূমি জরিপ কার্যক্রম।

উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুর উপজেলার ৪৩নং মৌজায় ভূমি জরিপ কার্যক্রম চলমান রয়েছে। ১৯৬৭ সালের পর এই এলাকার হাজার হাজার ভূমি মালিক গেজেট প্রথার বিলুপ্তি ও জরিপ কার্যক্রমের মাধ্যমে ভূমির মালিকানা নির্ধারণের দাবিতে রাজপথে আন্দোলন করে এবং গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ এর নিকট বিভিন্ন উঠান বৈঠকসহ ব্যক্তিগত পর্যায় থেকে দাবি জানায়।

জনদাবি আমলে নিয়ে বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজ এর ব্যক্তিগত উদ্যোগে এই ভূমি জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু এই জরিপ কার্যক্রমকে বাধাগ্রস্থ করে ব্যক্তি স্বার্থ হাসিলের লক্ষ্য নিয়ে কতিপয় সাংবাদিক টাকা চেয়ে ৩০ জন সাংবাদিকের নামের তালিকা সেটেলমেন্ট অফিসে প্রদানের জন্য চাপ প্রয়োগ এবং হুমকি ধমকি প্রদান করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক নামধারি চাঁদাবাজদের দৌরাত্মে মহতী এ কার্যক্রমটি বন্ধ বা স্থবির হয়ে পড়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে।

এ কার্যক্রম চলাকালে সেটেলমেন্ট অফিসের উদ্যোগে সকল ভূমি মালিকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ভূমি জরিপ অধিদপ্তরের উপ সচিব মোঃ আশরাফ হোসেন ইতিমধ্যেই ভূমি মালিকদের করণীয় সম্পর্কিত সেমিনারের মাধ্যমে দিক নির্দেশনামূলক ওরিএনটেশন করেন।

মাঠ পর্যায়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ জরিপ কার্যক্রমটি চলমান রয়েছে। বনবিভাগের হয়রানি, হাজার হাজার মামলা থেকে রক্ষা পেতে এবং জমির মালিকানা সঠিকভাবে নির্ধারণকল্পে  জনগণের মধ্যে ভূমি জরিপ কার্যক্রমটি ব্যাপক সাড়া ফেললেও কতিপয় চাঁদাবাজ সাংবাদিকের ব্যক্তি খায়েশ চরিতার্থ না হওয়ায় তারা টাকার জন্য সেটেলমেন্ট অফিসে ধর্ণা দিয়ে চাপ প্রয়োগ করছে বলে প্রাপ্ত অভিযোগ থেকে জানা গেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ বিদ্বেষী এবং বর্তমান এমপি বিরোধী একজন সাংবাদিক এর মূল হোতা বলে জানা যায়। ইতিপূর্বে ওই সাংবাদিককে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ তার বিভ্রান্তিমূলক লেখার জন্য ভর্ৎসনা করেন এবং এ ব্যাপারে সচেতন হতে বললেও সে বর্তমান এমপির সুনাম ক্ষন্নের নিমিত্তে তার অনুসারি ও মতাদর্শের কতিপয় সাংবাদিককে একত্রিত করে চলমান জরিপ কার্যক্রম ভন্ডুল করতে সেটেলমেন্ট অফিসে বিপুল অংকের টাকা চাঁদা দাবি করেছে বলে সর্বত্র বিষয়টি আলোচিত হচ্ছে।

সোমবার (২৮ নভেম্বর) ওইসব চাঁদাবাজ সাংবাদিকদের মতাদর্শি একটি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি বারবার ফোন করে এ ব্যাপারে উক্ত অফিসের কর্তা ব্যক্তিদের কাছে অনৈতিক প্রস্তাব এবং তাদেরকে বিব্রত পরিস্থিতিতে ফেলেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করা হলে একাধিক ব্যক্তি নাম পরিচয় প্রকাশ না করার শর্তে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তারা বলেছেন, ইতিমধ্যেই ৩০ জন সাংবাদিকের একটি নামের তালিকা উপজেলা সেটেলমেন্ট অফিসে প্রদান করা হয়েছে। পত্রিকার মান অনুসারে প্রতিমাসে জনপ্রতি ৫ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত প্রদানের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে।যা প্রতি মাসে ২ লাখ ৫০ হাজার টাকার মত। তাদের অনৈতিক দাবি বাস্তবায়নের জন্য দু'জন সাংবাদিক স্বশরীরে গতকাল (২৭ নভেম্বর) অফিসে এসেও এ ব্যাপারে চাপ প্রয়োগ করে গেছেন বলে জানা গেছে।

তবে উক্ত তালিকায় যেসব সাংবাদিকের নাম রয়েছে, তাদের মধ্যে দুইজন সাংবাদিক যথাক্রমে ডেইলী স্টার পত্রিকার আবু বকর সিদ্দিক আকন্দ সোহেল এবং আরটিভি প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ ঢাকা রিপোর্ট২৪ কে বলেছেন, এ ব্যাপারে তারা কিছুই জানেন না। তবে তালিকাটি তাদের দৃষ্টিগোচর হওয়ার পর তালিকা প্রদানকারি সাংবাদিককে এ ব্যাপারে জিঙ্গাসাবাদ করে প্রতিবাদ জানানো হয়েছে। তাদের অনৈতিক দাবি ও চাপ প্রয়োগের কারণে চলমান জরিপ কার্যক্রমটি বন্ধ হয়ে যেতে পারে। দূর্ভোগে পড়তে পারে হাজার হাজার ভূমি মালিক।

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসা হয়েছে বলেও সেটেলমেন্ট অফিসের একটি সূত্র নিশ্চিত করেছেন। এ  ব্যাপারে গাজীপুর-৩ আসনের এমপির হস্তক্ষেপ কামনা করেছেন ভূমি জরিপ কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিরা।

তারা বলছেন, আইনের ব্যত্যয় না ঘটিয়ে, কোন প্রকার দুর্নীতি ও অসাদুপায় গ্রহণ না করে সঠিকভাবে ভূমি জরিপ কার্যক্রমটি পরিচালিত হলেও কতিপয় সাংবাদিকদের অনৈতিক প্রস্তাবে বিব্রত তারা। জনস্বার্থে এদের চাপ প্রয়োগ বন্ধ না হলে চলমান ভূমি জরিপ কার্যক্রমটি অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম