গাজীপুরের শ্রীপুরে পরকিয়া প্রেমের অভিযোগে আল আমিন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাইফুল নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (৭ নভেম্বর ) রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে শ্রীপুর থানা পুলিশ।
নিহত আল আমিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব গ্রামের মন্তাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার ধলাদিয়া গ্রামে আফাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ডার্ট কম্পোজিট নামক কারখানায় চাকরি করতেন। আল আমিনের প্রেমিক রাবেয়া আক্তারের বাড়ি পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলায়। তিনি সাটিয়াবাড়ি গ্রামের অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে ডার্ট কম্পোজিট কারখানায় চাকরি করেন। অভিযুক্ত সাইফুল ইসলাম (৩৮) উপজেলা সাটিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সহকর্মী রাবেয়া আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আল আমিনের। রাবেয়া আক্তার অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। আল আমিন বিভিন্ন সময় ওই বাড়িতে গিয়ে রাবেয়ার সাথে দেখা করতেন। বিষয়টি মেনে নিতে পারেনি বাড়ির মালিক সাইফুল ইসলাম। এ নিয়ে আল আমিনের সাথে সাইফুল ইসলামের দ্বন্দ্ব চলছিল। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আল আমিন ওই বাড়িতে রাবেয়ার সাথে দেখা করতে যায়। বিষয়টি দেখে ফেলে সাইফুল। এই সময় সাইফুল বাড়ি থেকে আল আমিনকে তুলে নিয়ে বাড়ির অদূরে একটি বাগানের ভেতর তাকে বেধরক মারপিট করে। এতে আল আমিন অচেতন হয়ে পড়লে সাইফুল তাকে ফেলে চলে যায়।স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।
বিষয়টি শ্রীপুর থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় আল আমিনকে মারধরের পর তার অবস্থা খারাপ দেখে অভিযুক্তরা তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই আল আমিনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল পলাতক রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শ্রীপুর থানার পরিদর্শক মুহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের প্রেমিকা রাবেয়া আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামেক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম