গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড (শ্রীপুর) থেকে সদস্য শহীদুল্লাহ সরদার, শফিকুল ইসলাম দুলু ও আব্দুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনমত জরিপে প্রাপ্ত সবশেষ তথ্যে জানা গেছে, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে শহীদুল্লাহ সরদার প্রথম স্থানে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন শফিকুল ইসলাম দুলু এবং তৃতীয় অবস্থানে রয়েছেন আব্দুস সালাম।
নাম প্রকাশে একাধিক ভোটার বলছেন, শহীদুল্লাহ সরদার এবং শফিকুল ইসলাম দুলুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ভোটের ব্যবধান খুব একটা বেশি নাও থাকতে পারে। তারা বলছেন, প্রহলাদপুর, রাজাবাড়ি,গোসিঙ্গা ইউনিয়নের বেশিরভাগ ভোট পড়বে শহীদুল্লাহ সরদারের মার্কায়। তবে রাজাবাড়ি ইউনিয়নের ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
সূত্রমতে, বরমী, কাওরাইদ ও তেলিহাটি ইউনিয়নেও শহিদুল্লাহ সরদারের আধিক্য থাকবে। মাওনা ইউনিয়ের ভোট শফিকুল ইসলাম দুলু ও আব্দুস সালামের মধ্যে ভাগাভাগি হবে এবং এখানে আব্দুস সালাম এগিয়ে থাকবেন শফিকুল ইসলাম দুলুর থেকে। এই ইউনিয়নে তৃতীয় অবস্থানে থাকবেন শহীদুল্লাহ সরদার। অপরদিকে শৈলাট-গাজীপুর ইউনিয়নে আব্দুস সালাম প্রথম অবস্থানে থাকবেন। দ্বিতীয় অবস্থানে থাকবেন শফিকুল ইসলাম দুলু অথবা শহীদুল্লাহ সরদারের মধ্যে যে কেউ। তবে শহিদুল্লাহ সরদার এই ইউনিয়নে দ্বিতীয় অবস্থানে থাকার সম্ভাবনার কথা প্রকাশ করেছেন অনেক বিশ্লেষক।
রাজাবাড়ি ইউনিয়ন অর্থাৎ শহীদুল্লাহ সরদারের নিজের ইউনিয়নে তিনি কাঙ্খিত ভোট থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তাদের ধারনা, এখানকার ভোটাররা মুখে যাই বলুক না কেন, শহীদুল্লাহ সরদার তাদের অতিক্রম করুক এটা না চাওয়ার সম্ভবনায় বেশি। সে কারণে এখানকার কাঙ্খিত ভোট পাওয়া না পাওয়া নিয়ে বহুমুখি মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা রয়েছে। তবে সাবেক জেলা পরিষদ সদস্য নূরুল ইসলাম শিমূল শহীদুল্লাহ সরদারকে সমর্থন জানানোর ফলে ভোটের দৃশ্যপট শেষ মূহুর্তে বদলে যেতে পারে। এই ইউনিয়নেও শফিকুল ইসলাম দুলুর ভোট রয়েছে জানা গেছে।
জেলা পরিষদ নির্বাচনে আলোচিত এ ওয়ার্ড নিয়ে বিশ্লেষকরা বলছেন, শৈলাট-গাজীপুর, মাওনা, তেলিহাটি, কাওরাইদ ও বরমী ইউনিয়নের ভোটারদের ভোটের উপর নির্ভর করবে প্রার্থীদের ভাগ্য। বিশেষ করে তেলিহাটি, কাওরাইদ ও বরমী ইউনিয়নের ভোটারদের সমর্থনের পাল্লা যার দিকে থাকবে তিনিই সফল হবেন।
তারা বলছেন, মাওনা ও শৈলাট গাজীপুর ও তেলিহাটি ইউনিয়নে আব্দুস সালামের দাপট থাকবে। প্রহলাদপুর, গোসিঙ্গা ও রাজাবাড়ি ইউনিয়নে শহীদুল্লাহ সরদারের প্রভাব থাকবে। বরমী ও কাওরাইদ ইউনিয়নের ভোটে নির্ধারিত হতে পারে জয় পরাজয়ের শেষ ঠিকানা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম