শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি


DhakaReport24.com || 2022-09-12 21:32:30
পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 

দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

আজ দুপুরে চিঠিটি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের কাছে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, ‘কেন্দ্রীয় দপ্তর থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। এ বিষয়ে এই মুহূর্তে বেশি কিছু বলার নেই।’ 

দলের সিদ্ধান্ত উপেক্ষা, নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন, দলীয় প্রতিপক্ষের সমর্থকদের ওপর একের পর এক হামলা এবং সর্বপরি জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর প্রতিটি সিদ্ধান্তের বিরোধিতা করার শাস্তি দেয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চিঠিতে বলা হয়, ‘সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্যপদ সহ অন্যান্য পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। উক্ত বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর বিভাগে জমা দেয়ার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।’

দলীয় সূত্রে জানা গেছে, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দু’টি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে প্রায়ই পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এর জেরে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কয়েকটি খুনের ঘটনাও ঘটে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম