শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

চিরকুট লিখে গজারী বনে যুবকের আত্মহত্যা


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-11 01:47:30
চিরকুট লিখে গজারী বনে যুবকের আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্ৰামে গজারি বনের ভেতর গাছে ঝুলন্ত অবস্থায় শরিফ আহমেদ (৩০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার সন্ধ্যায় মরদেহটি স্থানীয়রা দেখে পুলিশকে জানালে রাত সাড়ে আটটার দিকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। 

যুবকের দেহের সাথে পাওয়া চিরকুট থেকে শরিফ মরণোত্তর চক্ষুদাতা বলে জানা গেছে। চিরকুটে তার আত্মহত্যায় কেউ জড়িত নয় বলে লেখা আছে। শরিফ আহমেদ ময়মনসিংহ জেলা সদরের পুটিয়ালিরচর গ্ৰামের আবুল হোসেনের ছেলে।

চিরকুটে লেখা ছিল, ‘ আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পৃথিবী থেকে বিদায় নিলাম। এই আত্মঘাতীর সাথে কাউকে জড়িত করা যাবে না। প্রচুর সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, অনুসূচনায়ও। মচকাতে মচকাতে ক্লান্ত, ভেঙেই তার অবসান করলাম। সম্ভব হলে ক্ষমা করবেন সবাই।

আমার দেহের কোনো ময়নাতদন্ত হবে না। পথিক, নিচের নাম্বারে একটি কল করবেন? আমি সন্ধানী জাতীয় চক্ষু দান সমিতির একজন রেজিষ্টার্ড মনোত্তর চক্ষু দাতা। কে বলতে পারে, আপনার একটি কলের অনুগ্রহে হয়তো আমার অঙ্গ দ্বারা পৃথিবীর কারো উপকার লেগে যেতে পারে’। এরপর নিচে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির তিনটি মোবাইল নাম্বার যুক্ত করা হয়েছে।

নিহতের ছোট ভাই স্বপন জানান, শরিফ শ্রীপুরের একটি কারখানায় গত পাঁচ বছর ধরে চাকরি করতেন। সে অবিবাহিত। বাড়িতে খুবই কম যাওয়া আসা করত। সর্বশেষ গত ঈদে বাড়ি গিয়েছিল। তবে কি কারণে আত্মহত্যা করতে পারে, তা তারা ধারণা করতে পারছেন না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিরকুটের লেখাটি সনাক্তের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম