গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুইশত ষাটটি চোরাই মোবাইলসহ নয় জনকে আটক করেছে।
শনিবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর বউ বাজারের আব্বাস উদ্দিন মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
রবিবার বিকালে বিষয়টি জানিয়েছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু সায়েম নয়ন।
আটককৃতরা হলো, মো. ওয়াসিম (৩৬), মো. বিপ্লব (২৭), মো. রফিকুল ইসলাম (৫০), মো. মিজানুর রহমান (২৯), মো. সাদিকুল ইসলাম (৩৫), মো. শাহাবুদ্দিন (২৮), মো. নাঈমুল হক (২০), হাবিব (২০) ও মো. কামরুল হাসান (৪২)।
মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু সায়েম নয়ন বলেন, শনিবার রাতে সাড়ে আটটার দিকে চোরাই মোবাইল বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী জোনের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর বউ বাজারস্থ আব্বাস উদ্দিন মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ওই নয় জনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা বিভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন মডেলের মোট দুইশত ষাটটি মোবাইল ও নগদ বত্রিশ হাজার চারশত পঞ্চাশ টাকা উদ্ধার হয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কে এবং বিভিন্ন গলির রাস্তায় ছিনতাইকৃত মোবাইল ও চোরদের নিকট হতে চোরাই মোবাইল নামমাত্র মূল্যে ক্রয় করে উচ্চমূল্যে তা বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে। রবিবারে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। ছিনতাইকারী ও অপরাধীদের ধরতে এমন অভিযান চলমান থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম