গাজীপুরের টঙ্গীতে হোসেন মার্কেটের আল-কারীম হাসপাতালে বাইশ বছরের এক নারীকে যৌন হেনস্থা করার অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। জানা যায়, শনিবার রাতে ওই চিকিৎসক হাসিবুল ইসলামের খাস কামরায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাসা টঙ্গী দত্তপাড়া বনমালা রেলগেট এলাকায়। তার স্বামী একজন প্রবাসী। ভুক্তভোগী মহিলা অনেক দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় ওই ভুক্তভোগী মহিলা চিকিৎসার উদ্দেশ্যে তার মা ও মামাতো ভাইকে নিয়ে টঙ্গী হোসেন মার্কেটের আল-কারীম হাসপাতালে ডা. হাসিবুল ইসলামের কাছে গেলে সে মহিলার মা ও মামাতো ভাইকে ভুল বুঝিয়ে বাইরে যেতে বলেন, তারপর চিকিৎসক তার খাস কামরায় ওই ভুক্তভোগী মহিলাকে চিকিৎসার নাম করে তার বোরকা খুলিয়ে স্পর্শকাতর জায়গায় হাত বুলাতে থাকলে ভুক্তভোগি মহিলা চিৎকার করেন। তখন আশ-পাশে থাকা লোকজন
এসে ওই চিকিৎসকের হাত থেকে ভুক্তভোগী মহিলাকে উদ্ধার করেন।
এ ব্যাপারে ভুক্তভোগী মহিলা নিজে বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশে একটি মামলা দায়ের করেন।
এই বিষয়ে ডা. হাসিবুল ইসলামের বক্তব্য জানতে চাইলে সে দাবি করে, সে তার রোগীকে যৌন হয়রানি করেনি। রোগীর হার্টের রোগের চিকিৎসায় যা যা করণীয় তাই তিনি করছিলেন। হার্টের রোগ নির্ণয়ে বুকে চেকআপ করাকে যদি যৌন হয়রানি বলা হয়, তা হলে চিকিৎসকরা চিকিৎসা করবে কীভাবে?
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি মামলার বরাত দিয়ে জানান, ওই নারী হার্টের সমস্যা জনিত কারণে টঙ্গী পশ্চিম থানাধীন আল-কারীম ইসলামী হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। রাত নয়টার দিকে চিকিৎসক হাসিবুল ইসলাম তার খাস কামরায় ওই নারীর বিভিন্ন চেকআপ করতে থাকেন। এরই একপর্যায়ে চেকআপের নামে ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ নানা যৌন হয়রানি করতে থাকে চিকিৎসক হাসিবুল ইসলাম।
হাসিবুল ইসলামের বাসা ঢাকার মগবাজারে। চিকিৎসককে গ্রেফতার করে আজ গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম