গাজীপুরে পিরুজালীতে বিটুমিনের সাথে ভাঙ্গা টাইলসের গুড়া ও প্লাস্টিক মিশিয়ে পরীক্ষামূলক সড়ক নির্মাণ হয়েছে।
ইট, পাথর ও খোয়ার পরিবর্তে ফেলে দেয়া টাইলসের গুঁড়া, পলিথিন ও প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে সড়ক। বিটুমিনের সাশ্রয়, টেকসই সড়ক এবং স্থায়িত্ব বাড়াতে পরীক্ষামূলকভাবে সড়ক নির্মাণে টাইলসের গুঁড়া, পলিথিন ও প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে এ পদ্ধতিতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী সড়কঘাটা এলাকায় ১০০ মিটার গ্রামীণ সড়ক নির্মাণ করেছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর।
গাজীপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহারের একটা সময় পর সেগুলোকে বর্জ্য হিসেবে ফেলে দিচ্ছে মানুষ। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পরীক্ষামূলকভাবে ওইসব বর্জ্য ব্যবহার করে গাজীপুর সদর উপজেলার সড়কঘাটা এলাকায় ১০০ মিটার গ্রামীণ রাস্তা নির্মাণ করা হয়েছে। এ সড়ক নির্মাণে বিটুমিন ও ইটের খোয়ার সাশ্রয় ঘটিয়ে টাইলস এবং প্লাস্টিকের ব্যবহার ঘটানো হয়েছে। প্লাস্টিকের আঠালো বৈশিষ্টের কারণে এটি প্রয়োগ করা হচ্ছে। এ ছাড়াও ইটের খোয়ার পরিমাণ কমিয়ে ফেলে দেয়া টাইলসের গুঁড়া মেশানো হয়েছে। গাজীপুরের স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর পরীক্ষামূলক এ প্রক্রিয়াটি শুরু করেছে। ইতোমধ্যে এর ইতিবাচক সম্ভাবনাও আশা করা যাচ্ছে।
তিনি বলেন, পরীক্ষামূলক এ প্রক্রিয়াটির জন্য ১০০ মিটার অংশ পাইলট প্রকল্প হিসেবে নেয়া হয়েছে। এটি ল্যাবরেটরিতে আরো অধিকতর পরীক্ষা করে প্রযুক্তিটা ব্যবহারের প্রতি গুরুত্ব দেয়া হবে। আগামী এক বছর পর্যন্ত পরীক্ষামূলক সড়কটি পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরো বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে হাজার হাজার কিলোমিটার হাইওয়ে রাস্তা এ পদ্ধতিতে করেছে। আমরাও বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষায় তা অধিকতর ব্যবহার করা যায় কিনা দেখব।
প্রাথমিকভাবে শতকরা ৯১ ভাগ বিটুমিনের সাথে ৯ ভাগ প্লাস্টিক মেশানো হয়েছে। রাস্তাটির কিছু অংশে ইটের খোয়ার পরিবর্তে ফেলে দেয়া টাইলসের গুঁড়া মিশিয়ে ঢালাই করা হয়েছে। আগে যেখানে ১০০ কেজি বিটুমিন লাগতো সেখানে ৯১ কেজি বিটুমিন এবং ৯ কেজি প্লাস্টিক মিশিয়ে যে মিশ্রণ তৈরি হয় সেটি নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়েছে। যে আদলে কারপেটিং করা হতো সেই আদলেই মিশ্রণটি সড়কের ঢালাইয়ে প্রয়োগ করা হচ্ছে।
দেশে গাজীপুরেই প্রথম পরীক্ষামূলক এ প্রক্রিয়াটি করা হচ্ছে।
অধিদফতরের একাধিক উপসহকারী প্রকৌশলী জানান, গরম বিটুমিনের সাথে প্লাস্টিকের গুঁড়া ঢেলে দেয়ার সাথে সাথে আঠালো গুণাগুনের কারণে মুহূর্তেই নতুন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে থাকে। এটি সড়কের স্থায়িত্বের জন্যও কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম