শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


সদরুল আইন, গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-29 20:21:15
গাজীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে তিন বছর করার শিক্ষামন্ত্রীর ঘোষণার প্রতিবাদে সোমবার দুপুরে গাজীপুরে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

গাজীপুর সদর উপজেলা চত্বরের সামনে ঢাকা-শিমুলতলী সড়কের পাশে সহস্রাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে।

পরে তারা ভাওয়াল রাজবাড়িতে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান ফটকে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

গাজীপুরের মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (মিস্ট) ৫ম সেমিস্টারের শিক্ষার্থী সাগর আলী জানান, সম্প্রতি শিক্ষামন্ত্রী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছরের ঘোষণা দেন। এতে সিলেবাস শেষ হবে না, চাকরির ক্ষেত্রে গ্রেড কমে যাওয়ার পাশাপাশি শিক্ষার মানও কমে যাবে। এজন্য শিক্ষার্থীরা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছরই বজায় রাখার জন্য দাবি করছে। 

এ ছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এ আন্দোলনের ব্যাপারে মিস্টের প্রতিষ্ঠাতা ও ডুয়েটের সাবেক ডিন প্রকৌশলী অধ্যাপক মো. আব্দুল মান্নান জানান, ১৯৫১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এ ডিপ্লোমা কোর্স তিন বছরই ছিল। পরবর্তীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর নেতৃবৃন্দ নানা অজুহাতে আন্দোলন করে এ কোর্সের মেয়াদ চার বছর করেছে। তখনও তিন বছরের কোর্স শেষে সরকারি চাকরিতে ১০ গ্রেডে (দ্বিতীয় শ্রেণি) চাকরি করার সুয়োগ ছিল। চার বছরের কোর্স শেষ করেও চাকরিতে ঢোকার ক্ষেত্রে ওই একই সুযোগ (১০ গ্রেডে) বহাল রয়েছে। 

ভারত, নেপাল, জাপান, শ্রীলঙ্কা, পাকিস্তানেও এ কোর্স তিন বছরের রয়েছে। কোর্সের মেয়াদ চার বছর করাতে শিক্ষার্থীদের সময় ও অর্থ অপচয় হচ্ছে। প্রতিষ্ঠানে দক্ষতা উন্নয়নের সুযোগ-সুবিধা ও পরিবেশ থাকলে তিন বছরেই দক্ষতা অর্জন ও কোর্স সম্পন্ন করা সম্ভব। আইডিইবির নেতারা তাদের শিক্ষার্থীদের মিসগাইড করছেন। 

তারা কোর্সের মেয়াদ চার বছরই রাখতে শিক্ষার্থীদের আন্দোলনে নামিয়ে নেতৃত্ব দিচ্ছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম