গাজীপুর মহানগরীর ৪০নং ওয়ার্ডের পাঠানটেক এলাকার গৃহবধূ তামান্না খাতুন (২২) স্বামীর সঙ্গে অভিমান করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
ফলে এক বছরের ফেসবুক প্রেম এবং এক বছরের বিবাহিত জীবনের অবসান হলো তাদের।
সুইসাইড নোটে তামান্না লিখেছেন- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
জানা যায়, তামান্না খাতুন নড়াইল সদর উপজেলার শেখপাড়া গ্রামের আতিয়ার রহমানের মেয়ে। তামান্নার স্বামী বিপ্লব মিয়া (২৪) পূবাইল মেট্রোপলিটন থানার পাড়ানটেক এলাকার সহিদ মিয়ার ছেলে।
শনিবার বিকাল আনুমানিক ৪টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে বিপ্লবের পরিবার।
ওই সময় তামান্নার স্বামী ও পরিবারের কেউ বাসায় ছিল না।
ঘটনা সূত্রে জানা যায়, পূবাইলে পোশাক কারখানায় চাকরির সুবাদে পূবাইলের ৪০নং ওয়ার্ডের পাড়ানটেক এলাকার বিপ্লবের সঙ্গে ফেসবুকে প্রেম হয়।
অতঃপর এক বছর পূর্বে বিয়ে করে স্বামীর বাড়িতেই বসবাস করতে থাকেন তামান্না। ইদানীং কী বিষয় নিয়ে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না তা খতিয়ে দেখছে পুলিশ।
পূবাইল মেট্রোপলিটন থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান আতিক জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। থানায় অপমৃত্যু মামলার হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম