শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরের কাপাসিয়ায় দেশিয় অস্ত্রসহ আটক ৯ টিকটকার


সদরুল আইন, গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-28 21:13:45
গাজীপুরের কাপাসিয়ায় দেশিয় অস্ত্রসহ আটক ৯ টিকটকার

গাজীপুরের কাপাসিয়ায় টিকটক করতে আসা ৯ জনকে চায়নিজ কুড়াল ও চাপাতিসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

জানা গেছে, কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মরিয়ম ভিলেজ এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশে দেয়া হয়। তবে কি কারণে চাইনিজ কুড়াল ও চাপাতি নিয়ে এসেছিল তারা তার কোন সঠিক তথ্য জানা যায়নি।

আটকৃতরা হলো-আরিফ ফকির (১৮)। সে নরসিংদী জেলা শিবপুর থানার দত্তেরগাঁও গ্রামের মানিক ফকিরের পুত্র। একই এলাকার আসাদ খানের পুত্র তৈয়ব খান (১৮), মৃত রাসেলের পুত্র আকাশ (১৫), একই থানার ছৈত্তশি গ্রামের নাসির উদ্দিনের পুত্র মো.আব্দুর রহিম (১৫), মৃত বিল্লালের পুত্র হাসান (১৮), বাবুলের পুত্র মো. নাজমুল (১৮), মোশাররফের পুত্র মোয়াজ (১৩) ও সাদেকের পুত্র রফিকুল (১৬) এবং শরীয়তপুর জেলার গোসাইরহাট এলাকার বাবুল ফকিরের পুত্র সাগর (১৬)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা প্রথমে দেখতে পাই তারা একটি অটোরিক্সায় করে এখানে এসে নামে। নামার পরে তাদের মধ্য থেকে একজন রিক্সা চালককে সিগারেট আনার জন্য পাঠায়। পরে তাদের মধ্যে থাকা আরেকটি ছেলে রিক্সার সিটের নিচ থেকে একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল বের করে। তা দেখে আমাদের সন্দেহ হলে তাদেরকে আটক করি।

জিজ্ঞাসাবাদে তারা টিকটক ভিডিও করার জন্য এসেছে বলে জানায়। 

স্থানীয়রা জানান, এই এলাকায় এর আগে টিকটক এর ঘটনা নিয়ে তিনজন খুন হয়েছিল। ওই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আজকে তারা চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে এসে সেই আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এখন আমাদের মনে হচ্ছে আজকের ঘটনার সাথে আগের তিনজন খুন হওয়ার কোন যোগসূত্র থাকতে পারে।

আটককৃত আকাশ জানান, এই চাইনিজ কুড়াল সে অটোরিকশার সিটের নিচে পেয়েছে। অটোরিকশা চালক মো.আ. রহিম জানায়, আকাশ তার ব্যাগ থেকে অটোররিকশার সিটের উপর চাপাতি ও চাইনিজ কুড়াল বের করে রাখে। পরে আমি সিগারেট আনার জন্য দোকানে চলে যাই।

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, এ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । ঘটনাস্থল থেকে ৯ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের অনেকেরই বয়স ১৮ বছরের কম। ওই এলাকাটিতে ছবি তোলার জন্য একটি সুন্দর জায়গা থাকায় তারা ছবি উঠানোর জন্য এসে থাকতে পারে। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক ভিডিওর একটি জনপ্রিয়তা রয়েছে। তিনজন খুন হওয়ার ঘটনার সাথে এর কোন যোগসূত্র  প্রাথমিকভাবে পাওয়া যায়নি। 

ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে, তদন্ত শেষে বুঝা যাবে কি ঘটেছিল।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম