গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় জমি জবরদখল চেষ্টার অভিযোগে এক নারী তার স্বজনদের নিয়ে মানববন্ধন করেছেন। আজ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন করা হয়।
জানা যায়, মার্জিয়া আক্তার নামে ওই নারী মাওনা উত্তরপাড়া এলাকার আব্দুল বাতেনের স্ত্রী ও জমুর উদ্দিনের কন্যা। অভিযুক্ত তোফায়েল আহমেদ ভূঁইয়া ঢাকার মিরপুর এলাকার মৃত সালামত উল্লাহ ভুঁইয়ার ছেলে।
মার্জিয়া আক্তার বলেন, তার স্বামী থেকে হেবামূলে এবং পরিবারের অপর সদস্যদের নিবন্ধিত পাওয়ারমূলে তিনি তাদের বসতভিটার ১৭ শতক জমির মালিক হন। যাদের হেবা এবং পাওয়ারমূলে জমির মালিক হন তারা পৈতৃকসুত্রে মালিক ছিলেন।
কোনো প্রকার হুমকি বা আতঙ্ক ছাড়াই সপরিবারে ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। সেই সাথে ঘর ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করছেন। সেখানে ১৬টি আবাসিক ঘর এবং ৬টি দোকান রয়েছে।
মার্জিয়া আরও বলেন, সম্প্রতি অভিযুক্ত তোফায়েল আহমেদ ভাড়া করা লোকজন নিয়ে তার বসতভিটা দখলের চেষ্টা চালায়।
এছাড়াও তোফায়েল আহমেদের দখলে তার ৩৯ শতক জমি বেদখল রয়েছে। ওই ৩৯ শতক জমি মার্জিয়া আক্তারের নামে জমাভাগ এবং হালসন পর্যন্ত খাজনা পরিশোধ করা। মিথ্যা মামলা দিয়ে পরিবারের সদস্যদের হয়রানি, খুন জখম ও উচ্ছেদের হুমকি দিচ্ছে।
নিরাপত্তা ও আইনী সহায়তার জন্য তিনি শ্রীপুর থানায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু থানা মামলা ডায়েরীভুক্ত করেনি।
অভিযুক্ত তোফায়েল আহমেদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মার্জিয়া আক্তার কোনো অভিযোগ করেনি। তার বিপক্ষের লোকজন মামলা করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম