বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

বাসে উঠতে বাধা প্রদান এবং বেশি ভাড়া আদায়ের প্রতিবাদে

গাজীপুরে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের


সদরুল আইন,গাজীপুর
DhakaReport24.com || 2022-08-06 18:01:00
গাজীপুরে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

বাসে শিক্ষার্থীদের উঠতে বাধা প্রদান এবং বেশি ভাড়া আদায়ের প্রতিবাদে শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, শনিবার সকালে তারা যথারীতি স্কুল-কলেজের উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে এসে বাসের অপেক্ষায় ছিলেন। কিন্তু কোনো বাসই তাদেরকে নিতে রাজি হয়নি। অনেকে সাধারণ ভাড়া দেয়ার আশ্বাসে হেলপারকে ঠেলে বাসে উঠলেও পরে তাদের কাছ থেকে ডিজেলের মূল্যবৃদ্ধির অজুহাতে আরো অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। 

অপরদিকে বেশির ভাগ শিক্ষার্থী ক্লাশ শুরুর পরেও বাসে উঠতে না পেরে বিক্ষোভে ফেটে পড়ে। বাসস্ট্যান্ডে আটকেপড়া টঙ্গীর সফিউদ্দিন সরকার অ্যাকাডেমি অ্যান্ড কলেজ, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ, টঙ্গী সাহাজ উদ্দিন সরকার আদর্শ বিদ্যানিকেতন অ্যান্ড কলেজসহ টঙ্গী ও উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী এক পর্যায়ে দুপুর ১২টায় মহাসড়ক অবরোধ করে।

 এ সময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইসমাইল হোসেন শিক্ষার্থীদের যানবাহনে চলাচলের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টায় তারা অবরোধ তুলে নেয়।

টঙ্গী সফিউদ্দিন সরকার অ্যাকাডেমি অ্যান্ড কলেজের ২য় বর্ষের ছাত্র মো: মেরাজ হোসেন বলেন, হাফ ভাড়ার কারণে আমাদেরকে কোনো বাসেই উঠতে দেয়া হয়নি। আমাদেরকে ‘কমভাড়ার যাত্রী’ আখ্যা দিয়ে বাস-হেলপাররা তুচ্ছ তাচ্ছিল্য করে দরজা থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। আজকে দুই শতাধিক ছাত্র-ছাত্রী বাসে উঠতে না পেরে ক্লাশে অংশ নিতে পারেনি।

এ ব্যাপারে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে নিয়েছি। বর্তমানে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম