গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ খাদিজা বেগম স্মৃতি হত্যার প্রধান আসামি তার স্বামী জাহিদুল ইসলামকে দেড় মাস পর গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধানমন্ডি থানার গ্রিনরোড কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ৮টায় র্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি নোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত গৃহবধূ খাদিজা শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার সবুর উদ্দিনের ছেলে প্রধান আসামি জাহিদুল ইসলামের স্ত্রী।
সহকারী পুলিশ সুপার এএসপি নোমান আহমেদ জানান, খাদিজার সাথে জাহিদুল ইসলামের সাথে এক বছর প্রেমের সম্পর্কের পর গত ঈদুল ফিতরের আগের দিন পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দেয়। জাহিদুল তার স্ত্রীকে বিভিন্ন মানুষের সাথে অবৈধ সম্পর্কে থাকতে পারে বলে সন্দেহ করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো।
নোমান আহমেদ আরও জানান, ঘটনাটি জাহিদুল তার শ্বাশুড়িকে জানালে সমাধান না করে উল্টো তাকে শাসিয়ে দেয়। এর জেরে গত ২৮ জুন সকালে তাদের মধ্যে পুণঃরায় ঝগড়া ও হাতাহাতি হয়।
এক পর্যায়ে স্বামী জাহিদুল ইসলাম তার স্ত্রী স্মৃতিকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার পর ভিকটিমের পরিবার শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে মৃত্যুর রহস্য প্রকৃত ঘটনা উদঘাটনে র্যাব-১ ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে ধারণা করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরপর ঢাকার কাঁঠাল বাগান এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম