গাজীপুরের টঙ্গীতে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ফুটপাতের দোকান উচ্ছেদ করেছে পশ্চিম থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করে শুক্রুবার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট, সিটি করপোরেশন টঙ্গী জোন-১ এর গেট, চেরাগআলী এলাকার প্রায় ২০০ দোকান ও ভাসমান ভ্যান উচ্ছেদ করা হয়।
ফুটপাতে দোকান যাতে পুনরায় চালু করতে না পারে সেজন্য পুলিশে মোতায়েন করা হয়েছে। এতে স্থানীয় পুলিশ প্রশাসনকে ঘরমুখী যাত্রী সাধারণ সাধুবাদ জানিয়েছেন।
এলাকাবাসী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট, গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী জোন-১ এর মেইন গেট, চেরাগআলীসহ আশপাশের শাখা রাস্তার ফুটপাতে অবৈধভাবে দুই থেকে তিনশ টং দোকান ও ভাসমান ভ্যান বসিয়ে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিলেন স্থানীয় কিছু নেতা।
ফুটপাতে দোকান ও ভ্যান গাড়িতে করে মালামাল বিক্রির কারণে প্রতিনিয়তই মহাসড়কসহ শাখা সড়কগুলো দীর্ঘ যানজট লেগে থাকতো। ইতোপূর্বেও ফুটপাতে দোকান বসাতে প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হলে এক যুবলীগ নেতার ছত্রছায়ায় দোকানিরা ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিলো।
বিকালে পশ্চিম থানা পুলিশ ফুটপাতে অভিযান চালিয়ে দোকান উচ্ছেদ করে এবং ভাসমান ভ্যান গাড়ি বন্ধ করে দেয়।
ফুটপাতে দোকান বসানোর ফলে চেরাগআলী-কলেজগেট এলাকায় প্রতিদিন দীর্ঘ যানজট লেগে থাকতো। দোকান উচ্ছেদ ও ভ্যান গাড়ি বসতে না দেয়ায় আজকে অনায়াসে ফুটপাত দিয়ে চলাচল করা যাচ্ছে। পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসি ও যাত্রিরা।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, ফুটপাতে অবৈধভাবে দোকানপাট ও ভ্যান বসানোর কারণে মহাসড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। এতে ঈদে ঘরমুখী মানুষের ভীষণ কষ্ট হচ্ছে। ফুটপাতে অবৈধভাবে ব্যবসা করার জন্য কাউকে আর বসতে দেওয়া হবে না।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম