গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বুধবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) পঞ্চম ধাপে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মোঃ সামছুল আলম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশনস) এ কে এম জিয়াউল আলম।
ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সকালে বিএইচএম এর প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজ।
একে একে মাঠে প্রবেশ করে প্যারেড কন্টিনজেন্ট, প্যারেড অ্যাডজুটেন্ট, কোম্পানি কমান্ডার, প্যারেড কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার ও পতাকাবাহী কন্টিনজেন্ট।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
মোট ১ হাজার ৭৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন আহসান হাবীব, ফায়ারিং-এ সেরা নুর ইসলাম আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন মোঃ জুয়েল মিয়া।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম