শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক


DhakaReport24.com || 2022-06-23 10:25:00
কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  এক আসামিকে শরীয়তপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পদ্মা সেতুর দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে কারাসূত্র।

আটক আবু বক্কর সিদ্দিক (৩৭) সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডিপুর এলাকার মৃত কেছের আলীর ছেলে। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন।

জানা যায়,  গত ২০১২সাল থেকে আবু বকর সিদ্দিক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে গত ২০২০সালের ৬ আগস্ট তিনি মই বেয়ে পালিয়ে যান।

শরীয়তপুর পদ্মা সেতুর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন জানান, শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকায়  ঘোরাফেরা করছিলেন আবু বক্কর সিদ্দিক। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, আবু বক্কর সিদ্দিক সাজাপ্রাপ্ত আসামি। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ২০২০ সালের আগস্ট মাসে পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। আবু বক্কর সিদ্দিককে শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম