গাজীপুরের শ্রীপুরে ১৪৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার দুপুরে শ্রীপুর পৌরসভার বাঘমারা জান্নাতুল আতফাল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডর মেজর এ এস এম মাঈদুল ইসলাম শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গেপ্তারকৃতরা হলেন, শ্রীপুর পৌরসভার বাঘমারা এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মিন্টু মিয়া (৩৭) এবং কিশোরগঞ্জ সদর থানা এলাকার সুখি নীলগঞ্জ গ্রামের বাদল চৌধুরীর ছেলে আকরাম চৌধুরী (২৪)।
এ সময় তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত কালো রঙ্গের একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।
পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জি এম মাজহারুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে ফেনসিডিলের একটি বড় চালান গাজীপুরের দিকে আসছে।
পরে র্যাব সদস্যরা শ্রীপুর পৌরসভার বাঘমারা জান্নাতুল আতফাল মাদ্রাসা সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসায়।
এ সময় মোটরসাইকেলে চেকপোস্ট অতিক্রম করার সময় র্যাব সদস্যরা মোটরসাইকেলটি শনাক্ত করে গতিরোধ করে।
এ সময় দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক বহন করার কথা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম