গাজীপুর মহানগরের ছোট দেওড়া এলাকায় ঢাকা-জয়দেবপুর রেলপথ পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (২৫) মারা গেছেন।
রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে মহানগরের ছোট দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহীদুল্লাহ্ হিরো জানান, শনিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর-ধীরাশ্রম সেকশন কিলোমিটার ৩০৬-এ অতিক্রম করার সময় ২৫ বছর বয়সী এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের পরিচয় শনাক্তে পুলিশের সহযোগিতা নেয়া হচ্ছে। নিহতের পরনে ছিল ছাই রংয়ের প্যান্ট এবং কালো রংয়ের শার্ট।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।