মঙ্গলবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় থেকে জান্নাতুল ফেরদৌস বন্যা (৩০) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, মৃত জান্নাতুল ফেরদৌস বন্যা টঙ্গীর চেরাগআলী এলাকার মৃত আব্দুল জব্বার মোল্লার মেয়ে। তিনি স্বামী সবুজের সাথে মাছিমপুর এলাকায় থাকতেন। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, বন্যা একটি পোশাক কারখানায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। কয়েক মাস ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামীর সঙ্গে কলহ চলছিল।
তাকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম