বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে জমি সংক্রান্ত জেরে ৪ জনের উপর হামলা


DhakaReport24.com || 2022-06-12 13:03:00
গাজীপুরে জমি সংক্রান্ত জেরে ৪ জনের উপর হামলা

গাজীপুরের একই পরিবারের ৪ জনকে হামলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এক বৃদ্ধ এবং তার সঙ্গে থাকা অপর তিনজনকে বেশ কয়েকজন মিলে বেধড়ক পেটাচ্ছে,মাটিতে লুটিয়ে পড়ার পরও লাঠি দিয়ে মারপিট করা হচ্ছে এমন একটি বর্বর দৃশ্য ব্যাপকভাবে  ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, গাজীপুরের শ্রীপুরের শৈলাট দক্ষিণপাড়া গ্রামে শনিবার সকালে ঘটনাটি ঘটে। মারধরে আহত ব্যক্তিরা হলেন  মো. সেকান্দর আলী (৬০), তাঁর স্ত্রী রাজিয়া খাতুন (৪০), ছেলে জাফর ইকবাল (২৫) ও শ্যালিকা মিতালী ইসলাম (৩০)। 

জমি সংক্রান্ত বিরোধের  জেরে হামলার শিকার সেকান্দর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবার বলছে, তাঁর হাত ও পা ভেঙে গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস  বলেন, রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাঁর এক্সরে করা হয়নি। এক্সরে হলে শারীরিক অবস্থা বলা যাবে।

আহত সেকান্দার আলীর মেয়ে সাগরিকা সুলতানা বলেন, আহাম্মদ আলী (৫০), মো. আতিকুল ইসলাম (২৫), মো. হাফিজ (৩২), হাবিবুর রহমান(৫৮) এর নেতৃত্বে এই হামলা চালানো হয়। 

ঘটনার বর্ণনা দিয়ে তিনি  বলেন, সেকান্দর আলীর পৈতৃক সূত্রে পাওয়া সাড়ে সাত বিঘা জমি বেশ কিছুদিন ধরে জোর করে দখল করার অপচেষ্টা চালাচ্ছিলেন হামলাকারীরা।

 শুক্রবার রাতে ওই জমিতে গাছ লাগিয়ে ও সীমানা খুঁটি স্থাপন করে প্রতিপক্ষ। শনিবার ঘুম থেকে উঠে গাছ লাগানো ও খুঁটি স্থাপন করার বিষয়ে জানতে পারেন তাঁরা। সেকান্দর আলী জমিতে গিয়ে দু-একটি চারা উঠিয়ে প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালায়।

তাঁরা পিটিয়ে সেকান্দার আলীর হাত পা ভেঙে ফেলেন। এরপর ছেলে জাফর ইকবাল বাবাকে বাঁচাতে গেলে তাঁকেও পেটানো হয়। রাজিয়া ও মিতালী ইসলাম ঘটনাস্থলে গেলে তাঁদেরও বেধড়ক পেটানো হয়। 

এ অবস্থায় তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন।

অভিযুক্ত ব্যক্তিরা এই ঘটনার পর এলাকা ছাড়া হয়েছেন।মামলা ও গ্রেপ্তার এড়াতে তারা  এলাকার বাইরে অবস্থান করছেন বলে অনেকে মন্তব্য করেছেন।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেছেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম