গাজীপুরের টঙ্গী এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
বুধবার (৮ জুন) দুপুর সোয়া ১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার অলিম্পিয়া টেক্সটাইল মিল সংলগ্ন একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার ইকবাল হাসান সংবাদমাধ্যমকে জানান, দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১৫ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ডাম্পিংয়ের কাজ করতে আরও ঘণ্টাখানেক সময় লেগেছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, যে গুদামটিতে আগুন লেগেছে সেটি অন্যান্য গুদামের মাঝখানে ছিল। এক্ষেত্রে ঝুঁকি ছিল আশপাশের গুদামে আগুন ছড়িয়েপড়ার। তবে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ বলা যাচ্ছে না।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম