গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি সেতুর গার্ডার ধসে পড়ে এক শ্রমিক নিহত।
মঙ্গলবার (৭ জুন) বেলা ৩টার দিকে বক্তারপুর-মোহানী সড়কের সুবদিয়া ব্রিজের নির্মাণ কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত হোসেন (৩৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাকগুহা এলাকার বাসিন্দা ।
কামাল শরিফ নামে এক ঠিকাদারি ব্যবসায়ীর ‘এমটিবি/এমএমই’ (জিবি) নামে একটি কনস্ট্রাকশন ফার্ম সেতুটির নির্মাণ কাজ করছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মোহাম্মদ তাশাররফ হোসেন বলেন, গার্ডারের ঢালাইয়ের চলছিল। সে সময় ব্রিজের উপরে ৬ শ্রমিক এবং নিচে ও আশপাশে আরও ৫-৭ জন শ্রমিক কাজ করছিলেন। দুপুর থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল।
বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ (ফারুক) বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় ৪ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে ২০২১ সালের গোড়ার দিকে।
চলতি বছরের অগাস্ট মাসে নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে। নির্মাণ কাজের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) গাজীপুর শাখা।
“৩টার দিকে হঠাৎ করে গার্ডারের ঢালাই নিচের বাঁশের খুঁটি ভেঙে পড়ে যায়। এ সময় শ্রমিকরা লাফালাফি করে ব্রিজ থেকে নামতে পারলেও ব্রিজের নিচে থাকা লিয়াকত গার্ডারের ঢালাইয়ের নিচে চাপা পড়েন।”
তিনি জানান, ৪টার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। রাত পৌনে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম