গাজীপুরের শ্রীপুরে আনুমানিক ১২ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ জুন) রাত সোয়া ১০ টায় উপজেলার জৈনা বাজার (নগর হাওলা) এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি স্থানীয় সাংবাদিক তাজুল ইসলাম সানি জানান, জৈনা বাজার-গাজীপুর বাজার সড়কের (নগর হাওলা) গ্রামের গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেমের বাড়ী সংলগ্ন রাস্তায় ওই কিশোরের জবাই করা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
সড়কের মাঝখানে গলা কাটা মরদেহ পরে থাকার খবর শুনে স্থানীয়রা এসে ঘটনাস্থলে জড়ো হয়। নিহত কিশোরের পরিচয় না জানা গেলেও স্থানীয় অটোরিক্সা চালকেরা বলছেন এই কিশোরকে জৈনা বাজার ও এর আশপাশের সড়কে অটোরিক্সা চালাতে দেখেছে, আবার কেউ কেউ বলছে কিছুদিন নাকি ঝালমুড়ি–ও বিক্রি করেছে। নিহত কিশোর জৈনা বাজার এলাকার আব্দুল আউয়াল বিশ^বিদ্যালয় কলেজের আশেপাশের কোনো এক বাড়িতে অথবা নগর হাওলা গ্রামের তরমুজের পাড়া এলাকায় বসবাস করতো। শিশুর মরদেহের পাশে একটি ছুরি পড়ে রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জৈনা বাজার এলাকায় গলাকাটা মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। এখনো তার পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআরএম/আরএএম