ঢাকার সন্নিকটে অপরুপ প্রকৃতির কোল জুড়ে গড়ে উঠা নান্দনিক গাজীপুরের বুকে ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে অগনিত রিসোর্ট, শুটিং স্পট, ভাওয়াল জাতীয় উদ্যানসহ দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু সাফারি পার্ক। ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নানা পেশার মানুষ ভিড় জমাচ্ছে এই সাফারি পার্কে।
ঈদের ছুটিতে অন্যান্য বিনোদন কেন্দ্রের মতোই গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক দর্শনার্থীদের পদচারণায় আজ মুখরিত হয়ে উঠেছে। সাফারি পার্কের বন্যপ্রাণি অঞ্চল পরিদর্শনের জন্য দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি।
এরই মধ্যে নানা কারণে বেশ কিছু বন্যপ্রাণি মারা যাওয়ার ঘটনায় অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন সাফারি পার্ক এলাকার ব্যবসায়ীরা। ঈদকে কেন্দ্র করে বিপুল দর্শনার্থীর পদচারণার কারণে সে হতাশা কাটিয়ে অনেকটা স্বস্তিতে রয়েছেন তাঁরা। এছাড়া ঈদ উপলক্ষে সাফারি পার্ক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার করেছে কর্তৃপক্ষ। গাজীপুর দেশের সব জেলার মানুষের আবাসভূমি। এর অন্যতম কারণ গাজীপুর শিল্প শহর। কর্মসংস্থানের প্রয়োজনে লাখ লাখ মানুষের পদচারণায় মুখরিত গাজীপুরের প্রতিটি জনপদ।
স্থানীয় অধিবাসীসহ যারা ঈদের ঝক্কি ঝামেলা এড়াতে গ্রামের বাড়ি যাননি তারা নিত্যদিনের কর্মকোলাহল ছেড়ে দীর্ঘ ছুটিতে পরিবারের সাথে ভিড় জমিয়েছেন রিসোর্টসহ বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রকৃতি ও জীব-বৈচিত্রের লীলাভূমিতে।
আগত পর্যটকরা জানান, ঈদের ছুটি পেয়ে সব সময় কোনো না কোনো জায়গায় যায় আমরা। এখানে আসা হয়নি, এজন্য আজ আসলাম। এখানে ঘুরে বেশ ভালো লাগলো।
দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, আমরা এখানে সর্বাত্মক নিরাপত্তা দিচ্ছি।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম