ঈদ উপলক্ষে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা ছুটি শুরু হয়েছে। ছুটির যে যার মতো গ্রামে ফিরতে শুরু করেছেন। এতে করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর চন্দ্রা ত্রিমোড়ে ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফলে পরিবহনগুলোতে এসব যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকেই যাত্রীদের ভিড় শুরু হয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পরেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা দিয়েছে। ফলে পরিবহনগুলোতে এসব যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
বুধবার যেখানে ভাড়া ৩০০ টাকা ছিল আজ সেই ভাড়া ৮০০ টাকা হয়েছে।
সালমা নামে এক গামেন্টস শ্রমিক বলেন, আজ (বৃহস্পতিবার) থেকে গার্মেন্টসে ১০ দিনের ছুটি শুরু হয়েছে। যার কারণে ঈদ করতে গ্রামের দিকে রওনা হয়েছি। চন্দ্রায় এসে গাড়ি পাচ্ছি না। গাড়ি যেগুলো আছে সেগুলোর ভাড়াও অনেক বেশি।
তিনি আরও বলেন, দিনাজপুর আমার গ্রামের বাড়ি ভাড়া চাচ্ছে ১ হাজার টাকা।
আরেক যাত্রী তায়েব মিয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া যাবেন। সাধারণ দিনের ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা হলেও এখন সিট ছাড়া দাড়িয়ে যেতেও লাগছে ৪০০ টাকা।
পরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা সত্বেও সবার মধ্যে দ্রুত বাড়ি পৌঁছানোর তৎপরতা দেখা গেছে। কারণ বেলা যতো বাড়বে যাত্রীদের চাপও ততোই বাড়তে শুরু করবে।
সাথী পরিবহনের চালক মিরাজ উদ্দিন বলেন, ‘ঈদের আর কয়েকদিন বাকি আছে। এখন যাত্রীদের চাপ বেড়েছে ভাড়া একটু বেশি হবেই।’
কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘দুপুরের পর থেকে যাত্রীদের চাপ বেড়েছে। মহাসড়কে যানজট যেন না হয় সে জন্য হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম