গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে ঢাকাগামী “বলাকা এক্সপ্রেস” ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে রেললাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের কথা জানা যায়নি। বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশনের দক্ষিণ পাশের হোম সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।
শ্রীপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, বলাকা ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেল রুটের ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিলম্ব ঘটেছে বলে জানান স্টেশন মাস্টার।
স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, নেত্রকোনার জারিয়া ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা ট্রেনটি সন্ধ্যার পর শ্রীপুর রেলস্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ওই অবস্থায় ট্রেনটি স্টেশনের ২নং লাইনে দাঁড়িয়ে পড়ে। পরে ট্রেনচালক আমিনুল ইসলাম ইঞ্জিনটি ঘুরিয়ে পেছনে নেওয়ার চেষ্টা করলে ষ্টেশনের দক্ষিন পাশে হোম সিগন্যালের কাছাকাছি যেতেই ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। ইঞ্জিন লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত লাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম