দুই বান্ধবীকে মোটরসাইকেলে বেড়াতে নিয়ে গিয়ে লাশ হয়ে ফিরেছে হিমেল আহম্মেদ (১৮) নামে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী একেইউ ইন্সটিটিউশন কলেজের শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিমেল কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. হাসেম আলীর ছেলে। এ ঘটনায় তার সাথে থাকা দুই সহপাঠীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই বড়ইবাড়ী একেইউ ইন্সটিটিউশন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকা থেকে হিমেল আহমেদ মোটরসাইকেলে তার দুই সহপাঠী বান্ধবীকে নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিনা এলাকার জলকুটিরে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে কুতুবদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী তিনজনই আহত হয়। এ সময় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে জিরানী এলাকার শেখ ফজিলাতুননেছা মুজিব মেমোরিয়াল কেপিজি হাসপাতালে নিলে চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম